করোনায় আক্রান্ত সরকারি তিতুমীর কলেজের তৃতীয় বর্ষের শিক্ষর্থী নাজমুল হুদা

প্রতিবেদক : জান্নাতুল নায়ার ; আইটি সম্পাদক, দৈনিক প্রভাত বাংলা।
২ রা মে, ২০২০ ইং।



মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন রাজধানীর সরকারি তিতুমীর কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নাজমুল হুদা। তিনি বেসরকারি বেতার রেডিও আমার ৮৮.৪ এফএমে কর্মরত আছেন। রিপোর্টিঙের পাশাপাশি নাজমুল উপস্থাপনাও করেন।

নাজমুল হুদা


গেল ২৭ এপ্রিল করোনা সন্দেহে তিনি মুগদা হাসপাতালে পরীক্ষা করান। শনিবার তার রেজাল্ট পজিটিভ আসে। জানা যায়, রেডিও আমারের আরও দুজন ইতিমধ্যে করোনাভাইরাসে আক্রান্ত।


নাজমুল শনিবার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইডিসিআর) হটলাইনে যোগাযোগ করে বিস্তারিত জানান। আইডিসিআরের পক্ষ হতে ২৭ এপ্রিল (সোমবার) তার নমুনা সংগ্রহ করা হয় এবং পরবর্তী দুই থেকে তিনদিনের মধ্যে ফলাফল মেইলে জানানোর কথা বলা হয়। এরপর ৩০ এপ্রিল (বৃহস্পতিবার) তিনি আইডিসিআরের সঙ্গে যোগাযোগ করলে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয় তাদের ল্যাবের অনেক কর্মী অসুস্থ থাকায় আরো দুই-একদিন সময় লাগবে।


এদিকে বৃহস্পতিবার মুগদা হাসপাতাল থেকে নাজমুলের সহকর্মীর পরীক্ষার ফলে দেখা যায় তার করোনা পজিটিভ। কিন্তু নাজমুলের ফলাফল আসেনি। এরপর তিনি কর্তৃপক্ষের সাথে যোগাযাগ করলে তারা জানান, রোগীর টেস্টের রিপোর্ট হারিয়ে ফেলেছেন তারা। পরবর্তীতে বৃহস্পতিবার আবার রোগীর নমুনা সংগ্রহ করে হাসপাতাল কর্তৃপক্ষ। এরপর শনিবার তার পরীক্ষার ফলাফল করোনা পজিটিভ আসে তিতুমীরের এ শিক্ষার্থীর।


এমন পরিস্থিতি মানসিকভাবে বেশ ভেঙে পড়েছেন নাজমুল।


এ বিষয়ে জানতে চাইলে রেডিও আমারের এমডি শাকের চৌধুরী সংবাদকর্মী নাজমুল হুদাকে সব ধরনের সহোযোগিতার আশ্বাস দেন।


এদিকে তিতুমীর কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আশরাফ হোসেন বলেন, ‘করোনা এমন একটা রোগ যে, আমরা চাইলেই রোগীকে হাসপাতালে গিয়ে বা তার বাসায় গিয়ে দেখে আসতে পারছি না। আমাদের এখন দূর থেকেই তাকে সহোযোগিতা করতে হবে। আমি বিষয়টি জানার পর ওই শিক্ষার্থীর সাথে যোগাযোগ করেছি। তাকে চিকিৎসকের পরামর্শ মেনে যথাযথভাবে সব অনুসরণ করতে বলেছি। আমরা তাকে আর্থিক সহায়তার পাশাপাশি সব ধরণের সহোযোগিতার প্রতিশ্রুতি দিয়েছি।’


উল্লেখ্য, নাজমুল হুদা তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সক্রিয় সদস্য। সাংবাদিক সমিতি কলেজ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে চিকিৎসাসহ সব ব্যবস্থা করছে।

Comments