মারা গেলো ঢাবি মেডিকেল অফিসার, উপসর্গ মিললো করোনার


নাবীন মাছুম, ঢাবি প্রতিনিধি, দৈনিক প্রভাত বাংলা। 
১২ মে ২০২০। 
   

করোনাভাইরাস সংক্রমণের উপসর্গ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। সোমবার (১১ মে) রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসাপাতালে তিনি মারা যান বলে বিশ্ববিদ্যালয়ের মাস্টার দা সূর্যসেন হলের সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার মো. আব্দুল মোতালেব জানিয়েছেন।

মারা যাওয়া ওই কর্মকর্তার নাম জ্যোতির্ময় পাল। তিনি বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের প্রধান ফার্মাসিউটিক্যাল কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
মাস্টার দা সূর্যসেন হলের ওই কর্মকর্তার ভাষ্য, জ্যোতির্ময় পাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির পাশাপাশি রাজধানীর রায়েরবাগে একটি ওষুধের দোকানও পরিচালনা করতেন। এক সপ্তাহ আগে জ্বর-সর্দিতে আক্রান্ত হন তিনি। ওষুধ সম্পর্কে ধারণা থাকায় নিজে নিজে সেবন করে মোটামুটি সেরেও ওঠেন। কিন্তু সোমবার (১১ মে) শরীর দুর্বল হওয়ার সঙ্গে সঙ্গে শ্বাসকষ্ট দেখা দেয় তার।

ওই অবস্থায় রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তির চেষ্টা করা হলেও ভর্তি না নিয়ে জ্যোতির্ময় পালের নমুনা নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে ওইদিন রাতেই শ্বাসকষ্ট বাড়লে কুর্মিটোলা হাসাপাতালে ভর্তি করা হয় তাকে। কিন্তু সেখানে আইসিইউ সাপোর্ট না পাওয়ায় সোমবার (১১ মে) সকালে তার মৃত্যু হয়।

পরিবারের লোকজনকে শ্মশানে নেওয়ার পর তার মৃত্যুর ব্যাপারে বিস্তারিত অবহিত করা হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের প্রধান মেডিক্যাল অফিসার ডা. সারওয়ার জাহান মুক্তাফী জানান, আমরা জ্যোতির্ময় পালের মৃত্যুর বিষয়টি শুনেছি। উনি গতকাল শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

Comments