খালিয়াজুরী খাদ্য বিভাগের ধান কেনার তালিকায় ব্যাপক অনিয়ম

খালিয়াজুরী খাদ্য বিভাগের ধান কেনার তালিকায় ব্যাপক অনিয়ম !

প্রনয় সরকার জিৎ
 নেত্রকোনা প্রতিনিধিঃ

 নেত্রকোনার খালিয়াজুরী খাদ্য বিভাগে এবারের বোরো ধান কেনার জন্য কৃষি বিভাগের করা কৃষক তালিকায় মৃত ব্যাক্তি, চাকরিজীবি ও চাষাবাদ না করা অসংখ্য লোকের নাম থাকায় বিষয়টিতে সমালোচনার ঝড় বইছে!

 রোববার (১০ মে) দুপুরে ধান ক্রয় কমিটির সভাপতি ও স্থানীয় ইউএনও এ এইচ এম আরিফুল ইসলাম বলছেন, বিতর্কিত এ তালিকাটি আজকের মধ্যেই বাতিল করার প্রক্রিয়া চলছে।

জনপ্রতিনিধি, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ও স্থানীয়দের মাধ্যমে জানা যায়, চলতি বছর এখানে খাদ্য বিভাগের মাধ্যমে কৃষি বিভাগের দেয়া তালিকা অনুযায়ি প্রকৃত কৃষকের কাছ থেকে বোরো ধান কেনা অভিযান শুরু হবার কথা ছিল ২৬ এপ্রিল থেকে।  গত ৭ মে ধান ক্রয় কমিটির উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার প্রায় ১১ হাজার কৃষকের নাম লিখে একটি লটারিও হয়। লটারির মাধ্যমে ১৭শ ৩৯জন কৃষকের নাম রেখে চুড়ান্ত তালিকা করা হয়েছে তাদের প্রত্যেকের কাছ থেকে ১ মেট্রিক টন ধান কেনা হবে বলে। কিন্ত চুড়ান্ত ওই তালিকায় প্রকৃত কৃষকের নাম না থেকে রয়েছে এলাকায় নেই ও চাষাবাদ না করা অসংখ্য লোক, সরকারি চাকরিজীবি আর মৃত ব্যাক্তির নাম!

খালিয়াজুরী সদর ইপি সদস্য অজিত সরকার জানান, এ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কৃষক তালিকার ১৩টি নামের মধ্যে চিত্ত রঞ্জন, নরেশ দাস ও তপন সরকারসহ ৬টি নামেই রয়েছে এবার চাষাবাদ না করা লোকের।

খালিয়াজুরীর ইউপি চেয়ারম্যান ছানোয়ারুজ্জামান জোসেফ বিডিপ্রেসকে জানান, ইউনিয়নটিতে কৃষি বিভাগের করা কৃষক তালিকায় অসংখ্য নাম আছে যারা এবার জমি চাষ করেননি ও সরকারি চাকরিজীবি। তাছাড়া, খালিয়াজুরী সদরের কিষ্টুপুর গ্রামের রাসনা বর্মন ও কাশীনাথ দাস অনেক আগেই মারা গেলেও তাদের নাম অর্ন্তভূক্ত হয়েছে এবারের কৃষক তালিকায়। কৃষি বিভাগ মাঠে না গিয়ে ঘরে বসে তালিকা তৈরী করার এটি একটি অন্যতম আলামত বলেও মন্তব্য করেন ওই চেয়ারম্যান।

খালিয়াজুরী উপজেলা কৃষি অফিসার হাবিবুর রহমান বিডিপ্রেসকে জানান, এ বিষয়ে সংশ্লিষ্ট উপ-সহকারি কৃষি কর্মকর্তাদের জিজ্ঞেস করা হবে। অনিয়ম প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে অফিসিয়াল পদক্ষেপ নেয়া হবে।

উপজেলার ধান ক্রয় ও মনিটরিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ এইচ এম আরিফুল ইসলাম  বিডিপ্রেসকে জানান, আজ রোববার সন্ধ্যার মধ্যেই ধান ক্রয় কমিটি মিলে সমালোচিত ওই তালিকাটি বাতিল করার প্রক্রিয়া প্রক্রিয়া চলছে।

Comments