পরিবর্তন হতে পারে সিনহা হত্যা মামলার তদন্ত কর্মকর্তা। দৈনিক প্রভাত বাংলা

 টেকনাফে পুলিশের গুলিতে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা হতে পারে। র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) জামিল আহমদকে এই মামলায় তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছিল। তার স্থলে নতুন একজন তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হচ্ছে বলে জানা যায়। ফলে গতকাল বৃহস্পতিবার (১৩ আগষ্ট) আসামিদের রিমান্ডে নেওয়ার কথা থাকলেও কারাগার থেকে না নিয়েই ফেরত গেছে র‌্যাবের একটি টিম।


বৃহস্পতিবার রাতে র‌্যাব-১৫ এর উপঅধিনায়ক মেজর মেহেদী হাসান একটি জাতীয় দৈনিককে বলেন, ‘মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন করার পর কারাগারে থাকা রিমান্ড মঞ্জুর হওয়া আসামিদের র‌্যাব হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।’ এদিকে গত ৩১ জুলাই পুলিশের গুলিতে খুন হন সাবেক সেনা কর্মকর্তা সিনহা মো. রাশেদ খান। এ ঘটনায় তার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস পুলিশের ৯ জনকে আসামি করে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গত ৫ আগস্ট হত্যা মামলা দায়ের করেন। অন্যদিকে পুলিশের পক্ষ থেকে এর আগে রামু ও টেকনাফ থানায় ৩টি মামলা দায়ের করা হয়। এই ৩টি মামলায় আসামি করা হয়েছে সিনহার সঙ্গি সাহেদুল ইসলাম সিফাত ও শিপ্রা রাণী দেবনাথকে। ৪টি মামলারই তদন্তভার দেয়া হয়েছে র‌্যাবকে।


প্রতিবেদক

হাসমীর হোসেন

উপ-সম্পাদক

দৈনিক প্রভাত বাংলা

১৪ আগস্ট,২০২০; শুক্রবার

Comments