কিশোরগঞ্জে বিধবা হত্যা মামলায় একজনের ফাঁসি, আরেকজনের যাবজ্জীবন, দুইজনের ১০ বছর কারাদণ্ড। দৈনিক প্রভাত বাংলা
কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বিধবা জুমেলা আক্তার হত্যা মামলার রায়ে এক আসামিকে ফাঁসির আদেশ ও এক লক্ষ টাকা জরিমানা করেছেন আদালত। এছাড়া আরেকজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লক্ষ টাকা জরিমানা এবং অন্য দুই আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে কিশোরগঞ্জের ১ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম আসামিদের উপস্থিতিতে এই রায় প্রদান করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. আবু তাহের কুলিয়ারচর উপজেলার মধ্য গোবরিয়া গ্রামের হাজী ইনসাফ উদ্দিনের ছেলে এবং একই এলাকার সিরাজুল ইসলাম হচ্ছেন যাবজ্জীবন সাজাপাপ্ত আসামি।
এছাড়া দশ বছরের সাজা প্রদান করা হয়েছে আসামি জিল্লুর রহমান ও মিজানুর রহমানকে। তাদের দু’জনের বাড়িও একই এলাকায়।
অন্যদিকে অত্র মামলার অপর আসামি মজিবুর রহমান মজনুকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দেয়া হয়েছে।
হত্যাকাণ্ডের শিকার জুমেলা আক্তার একই এলাকার মৃত আবু সাঈদের স্ত্রী।
মামলার বিবরণে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে ২০০৮ সালের ১৮ মার্চ গভীর রাতে উক্ত আসামিরা বিধবা জুমেলা আক্তারের ঘরে ঢুকে তাকে কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে হাসপাতালে নেওয়ার পথে ওই বিধবার মৃত্যু হয়।
এ ঘটনায় পরদিন নিহতের ভাবী পরশা আক্তার বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে কুলিয়ারচর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মামলাটির তদন্তভার গ্রহণ করে। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী কামাল উদ্দিন দীর্ঘ তদন্ত শেষে ২০১১ সালের ২১ মার্চ ৫ জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন।
বাদীপক্ষে এপিপি অ্যাডভোকেট সৈয়দ শাহজাহান এবং আসামিপক্ষে অ্যাডভোকেট আব্দুর রহমান ও খসরুজ্জামান মামলাটি পরিচালনা করেন।
প্রতিবেদক
মোঃ রবিউল ইসলাম
সহকারী সম্পাদক ও
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
দৈনিক প্রভাত বাংলা
২৭ আগস্ট ২০২০



Comments
Post a Comment