গতকাল যেখানে ছিল ‘গুড মর্নিং’ আজ সেখানে তাঁর মৃতদেহ। দৈনিক প্রভাত বাংলা
রাজধানীর সংসদ ভবন এলাকায় চন্দ্রিমা উদ্যান সংলগ্ন লেকের পাশের সড়কে প্রাইভেটকার চাপায় রেশমা নাহার রত্না (৩৩) নামের এক পর্বতারোহী নিহত হয়েছেন। শুক্রবার (৭ আগস্ট) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খুবই কাকতালীয় বিষয় যে বৃহস্পতিবার রত্না তাঁর ফেসবুক পেজে চন্দ্রিমা উদ্যানের সামনে তোলা একটি ছবি পোস্ট করেন। ছবিতে দেখা যায়, সাইকেল চালানোর পর সেটি তোলা হয়েছে। অথচ আজ একই স্থানে পড়ে থাকল তাঁর নিথর দেহ। গতকাল লিখেছিলেন, ‘গুড মর্নিং’ অথচ আজ তাঁর ছবি গণমাধ্যম ব্যবহার করছে মৃত্যুর খবরে।
রত্না এই সড়কে প্রতিনিয়ত সাইকেল চালাতেন। এটা তাঁর বিভিন্ন পোস্টের মাধ্যমে বোঝা যায়। যিনি পাহাড় জয় করলেন, তিনি হেরে গেলেন একটি গাড়ির কাছে। তাঁকে এমনভাবে ক্রিসেন্ট লেকের পাশের রাস্তায় পিষে ফেলা হলো, যা মর্মান্তিক! শুক্রবার সকাল ১১টার এই ঘটনা দেশের পর্বতারোহীদের মনকে বিষাদে পরিণত করল। যদিও প্রত্যক্ষদর্শীদের মত, একটি ভক্সওয়াগন রত্নাকে সাইড নিয়ে সাইকেল সমেত তাঁর ওপর গাড়ি তুলে দেয়, তবে পুলিশ বিষয়টি নিশ্চিত করেনি।
রেশমা নাহার রত্না। পেশাগত জীবনে তিনি স্কুলশিক্ষক ছিলেন। শিক্ষকতার পাশাপাশি পর্বতারোহণসহ বিভিন্ন অ্যাডভেঞ্চার কার্যক্রমে যুক্ত ছিলেন। গত বছর নেহরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিং থেকে উচ্চতর পর্বতারোহণ কোর্স সম্পন্ন করেন এবং তার কিছুদিন পরই লাদাখে দুটো ছয় হাজার মিটারের পর্বত আরোহণ করেন।
রতনা দৌড়াতে ভালোবাসতেন। প্রচুর বই পড়তেন। খুব অল্প বয়সেই একটি বেপরোয়া গাড়ি রত্নার জীবনপ্রদীপ নিভিয়ে দিয়ে গেল। যা কোনোভাবেই মেনে নিতে পারছেন না তাঁর শুভাকাঙ্ক্ষী পর্বতারোহীরারা।
রত্নার মৃত্যুর বিষয়ে সোশ্যাল মিডিয়ায় কিছু কিছু তথ্য পাওয়া যাচ্ছে। রেজওয়ান রোমিন নামের এক ব্যক্তি অল্টিচিউড হান্টার নামে পর্বতারোহীদের ফেসবুক গ্রুপে বলছেন, ‘ঐ দুর্ঘটনার সময় আমার এক পরিচিত ভাই উপস্থিত ছিলেন…ওনার ভাষ্য মতে, ওভারটেকিং করার সময় একটা ভক্সি ওনাকে ধাক্কা দেয়। ঐ গাড়িটা ওভারটেকিংয়ের সময় পুরাই ডান সাইডে ছিল রাস্তার। আপুর যাওয়ার কোনো রাস্তাই দেয় নাই।
প্রতিবেদক
হাসমীর হোসেন
উপ-সম্পাদক
দৈনিক প্রভাত বাংলা
৮ আগস্ট,২০২০; শনিবার



Comments
Post a Comment