কুলিয়ারচরে ইউপি চেয়ারম্যানকে জীবননাশের হুমকি। দৈনিক প্রভাত বাংলা

বার্তা বিভাগঃ মোঃ রবিউল ইসলাম  

কিশোরগঞ্জ জেলায় কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নে ষাট বৎসর বয়সী মো. হানিফ মিয়া  নামের এক মাদক ব্যবসায়ীকে মাদকদ্রব্যসহ স্থানীয় জনগন আটক করে চেয়ারম্যান এর মাধ্যমে পুলিশে দেওয়ায় মাদক ব্যবসায়ীর আত্মীয় স্বজন ঐ চেয়ারম্যানকে প্রাণনাশের হুমকি দিয়েছে।

এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে কুলিয়ারচর থানায় জিডি করেছেন ঐ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহ্ আলম।

তাছাড়া এই ঘটনার প্রতিবাদে গত বৃহস্পতিবার (২৪সেপ্টেম্বর) বিকালে উক্ত  ইউনিয়ন পরিষদে এক সংবাদ সম্মেলন করেছেন ঐ চেয়ারম্যান।

সংবাদ সম্মেলনে ইউপি চেয়ারম্যান তাঁকে প্রাণনাশের হুমকির তথ্য সাংবাদিকদের নিশ্চিত করে হুমকিদাতা মাদক ব্যবসায়ীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।

সংবাদ সম্মেলনে ধৃত মাদক ব্যবসায়ী মো. হানিফ মিয়া ও তাঁর শ্যালক  আরেক মাদক ব্যবসায়ী মো. খায়রুল আলম ওরফে ধন মিয়ার অনৈতিক বিভিন্ন অপকর্মের তথ্য তুলে ধরে চেয়ারম্যানকে মোবাইলে প্রাণনাশের হুমকির বিচার দাবি করে আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মুক্তি মাহমুদ খোকা, ফরিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আজিজুল হক কাসেম,ফরিদপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম শহিদ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ফরিদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জিল্লুর রহমান জিলন, উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. রেফায়েত উল্লাহ প্রমুখ।

সংবাদ সম্মেলনে চেয়ারম্যান আরো বলেন, এর আগেও উল্লেখিত মাদক ব্যবসায়ী হানিফ এবং খাইরুল ইসলাম ধন মিয়ার বিরুদ্ধে সুদি ব্যবসা এবং মিথ্যা মামলা করে মানুষকে হয়রানি,  জাল টাকা, জাল স্ট্যাম্প এর ব্যবসা করাসহ বিভিন্ন অনৈতিক কার্যকলাপের অভিযোগ করে কিশোরগঞ্জের জেলা প্রশাসকের নিকট বিচার দাবি করে একটি লিখিত আবেদন দাখিল করেন উপজেলার গোবরিয়া আব্দুল্লাপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্বাস উদ্দিন, বিশিষ্ট মুক্তিযোদ্ধা মো. আবদুল ওয়াহাব মাষ্টারসহ স্থানীয় এলাকাবাসী। যা বর্তমানে তদন্তাধীন আছে।উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ফরিদপুর ইউনিয়ন আব্দুল হামিদ ভূইয়া উচ্চ বিদ্যালয় মাঠ থেকে উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্বেচ্ছাসেবকদের সহায়তায় ৭ পিস ইয়াবাসহ কুলিয়ারচরের পশ্চিম  আব্দুল্লাহপুর গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী মো. হানিফ মিয়া (৫০) কে আটক করে। তার পিতার নাম মৃত মিরাজ আলী। পরে তাকে কুলিয়ারচর থানা পুলিশে সোপর্দ করেন।

এই ঘটনার পর ধৃত হানিফ মিয়ার শ্যালক উপজেলার পশ্চিম আব্দুল্লাহপুর গ্রামের মৃত পাশ্বা মিয়ার ছেলে আরেক মাদক ব্যবসায়ী মো.খাইরুল ইসলাম ওরুফে ধন মিয়া (৪৬) ওইদিনই (২৩ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে চেয়ারম্যানের ব্যবহৃত মোবাইলে ফোন করে প্রাণনাশের হুমকি দেয় বলে সংবাদ সম্মেলনে উল্লেখ জানানো হয়। প্রাণনাশের হুমকির মুখে পরিবার পরিজন নিয়ে নিরাপত্তাহীনতায ভুগছেন তিনি।

Comments