কিশোরগঞ্জ সদরে যুবলীগ নেতার হত্যা মামলায় মূল আসামীদের বিচারের দাবিতে মানববন্ধন। দৈনিক প্রভাত বাংলা
বার্তা বিভাগঃ মোঃ রবিউল ইসলাম
কিশোরগঞ্জ সদর উপজেলার চাঞ্চল্যকর যুবলীগ নেতা ইউসুফ মনি হত্যা মামলার মূল আসামিরা এখনও পর্যন্ত গ্রেপ্তার না হওয়ায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন।দ্রুত মূল আসামি,নিয়াজ,রাজিব,সানা,মোবারক ও নয়নসহ বাকি আসামিদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়ে আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ পৌর শহরের আখড়াবাজার এলাকায় মানববন্ধন করেছেন তারা। উক্ত মানববন্ধনে নিহত যুবলীগ নেতার ছোটভাই কিশোরগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইয়াকুব সুমন,যুবলীগ নেতা পল্লব কর, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজও সহ স্থানীয় গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।
পরে তারা পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে একটি স্মারকলিপি দেন। গত বছরের ২৫ জানুয়ারি রাতে কিশোরগঞ্জ পৌর শহরের রথখলা এলাকায় সন্ত্রাসীরা যুবলীগ নেতা মনিকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে। এ সময় কুপিয়ে জখম করা হয় তার ছোট ভাই পৌর কাউন্সিলর ইয়াকুব সমুনকে।এ ঘটনায় মৃত যুবলীগ নেতার স্ত্রী আবেদা আক্তার শিখা বাদী হয়ে ১২জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা সন্ত্রাসীদের আসামি করে করে কিশোরগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
বাদীপক্ষ থেকে অভিযোগ করা হয়, পুলিশ বিভিন্ন সময় অভিযান চালিয়ে ২১জন আসামিকে গ্রেপ্তার করলেও মূল আসামিদের গ্রেপ্তার করতে পারেনি। মূল আসামিরা গ্রেপ্তার না হওয়ায় তাদের মধ্যে হতাশা ও ক্ষোভ রয়েছে। এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা কিশোরগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ইউসুফ মনি হত্যা মামলায় পুলিশের কোনো গাফিলতি নেই। মামলায় ১২জনকে আসামি করা হলেও পুলিশ তদন্তে আরো অনেকের সম্পৃক্ততা পায়। এ পর্যন্ত মোট ২১জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সম্প্রতি এ মামলায় ৩২জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে। এখন আদালত থেকে পলাতকদের ধরতে গ্রেফতারী পরোয়ানা বের হওয়ার পর পুলিশ তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাবে।’



Comments
Post a Comment