একটি নক্ষত্রের প্রস্থান। দৈনিক প্রভাত বাংলা

রাষ্ট্রবিজ্ঞানী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদ মারা গেছেন। রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মস্তিষ্কের রক্তক্ষরণে আজ শুক্রবার (১৭ জুলাই) মারা যান তিনি। গুণী এই মানুষটির বয়স হয়েছিল ৮৮ বছর। মৃত্যুকালে স্ত্রী সেলিমা আহমদ, চার সন্তান ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান এমাজউদ্দীন। তার মৃত্যুতে অনেকে শোক প্রকাশ করেছেন।

অধ্যাপক এমাজউদ্দীন আহমদ ১৯৩২ সালের ১৫ ডিসেম্বর ব্রিটিশ ভারতের অবিভক্ত বাংলার মালদাহ জেলায় জন্মগ্রহণ করেন। চাঁপাইনবাবগঞ্জ সদরের ‘গোহাল বাড়ি’ এলাকায় পরিবারসহ দীর্ঘদিন বসবাস করেন প্রফেসর এমাজউদ্দীন। শিবগঞ্জের আদিনা সরকারি ফজলুল হক কলেজ ও রাজশাহী কলেজের প্রাক্তন ছাত্র তিনি।

সরকারি কলেজের প্রভাষক হিসেবে চাকরিজীবন শুরু করেন এমাজউদ্দীন। এরপর কানাডার ওন্টারিওর কুইন্স বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানের ওপর পিএইচডি করেন তিনি।

দেশে ফিরে জ্যেষ্ঠ প্রভাষক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র বিজ্ঞান বিভাগে যোগ দেন এমাজউদ্দীন। একই বিভাগের চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন তিনি। ১৯৯২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পান। এই পদে আট বছর দায়িত্ব পালনের আগে দুই মেয়াদে উপ-উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করেন এমাজউদ্দীন।

১৯৯৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অবসরে যাওয়ার পর ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভ-ইউডা’র উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন এমাজউদ্দীন। এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশের সঙ্গেও সম্পৃক্ততা ছিল তার।

গবেষক-পর্যালোচক হিসেবেও খ্যাতি রয়েছে অধ্যাপক এমাজউদ্দীনের। তিনি আমৃত্যু তুলনামূলক রাজনীতি, প্রশাসন ব্যবস্থা বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের পররাষ্ট্রনীতি, দক্ষিণ এশিয়ার সামরিক বাহিনী সম্পর্কে গবেষণা করে গেছেন। তার লিখিত গ্রন্থের সংখ্যা ৭০ টির অধিক। দেশ-বিদেশের খ্যাতনামা জার্নালে তার প্রকাশিত গবেষণামূলক প্রবন্ধের সংখ্যা শতাধিক। শিক্ষাক্ষেত্রে অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার কর্তৃক ১৯৯২ সালে একুশে পদক লাখ করেন অধ্যাপক এমাজউদ্দীন।

এ ছাড়া মাইকেল মধুসূদন দত্ত গোল্ড মডেল, শেরে বাংলা স্মৃতি স্বর্ণপদক, ঢাকা সামাজিক এবং সাংস্কৃতিক স্বর্ণপদক, বাংলাদেশ যুব ফ্রন্ট গোল্ড মেডেল, মহাকাল কৃষ্টি চিন্তা সংঘ স্বর্ণপদক, জাতীয় সাহিত্য সংসদ স্বর্ণপদক, জিয়া সাংস্কৃতিক স্বর্ণপদক, রাজশাহী বিভাগীয় উন্নয়ন ফোরাম স্বর্ণপদকসহ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বহু পুরস্কার-সম্মাননা অর্জন করেন এমাজউদ্দীন।

প্রতিবেদক
হাসমীর হোসেন
উপ-সম্পাদক
দৈনিক প্রভাত বাংলা
১৭ জুলাই,২০২০; শুক্রবার

Comments