দ্বিতীয় ধাপের ট্রায়ালেও চীনের করোনা ভ্যাকসিন নিরাপদ প্রমাণিত। দৈনিক প্রভাত বাংলা

দ্বিতীয় ট্রায়ালেও তাদের করোনা ভ্যাকসিন নিরাপদ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরিতে সক্ষম এমনটাই দাবি করেছে চীনের ক্যানসিনো বায়োলজিকস। এছাড়া যুক্তরাষ্ট্রের ওষুধ কোম্পানি ফাইজার ও জার্মান জৈবপ্রযুক্তি প্রতিষ্ঠান বায়ো এন টেকের পক্ষ থেকেও তাদের ভ্যাকসিন নিরাপদ বলে জানানো হয়েছে। এদিকে, ক্লিনিক্যাল ট্রায়ালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত সম্ভাব্য ভ্যাকসিনটি ব্যাপক সফলতা পেলেও, চূড়ান্ত সাফল্যের বিষয়টি এখনও অনিশ্চিত।

করোনা ভ্যাকসিনের হিউম্যান ট্রায়ালের দ্বিতীয় ধাপে সাফল্যের কথা জানিয়েছে চীনের ক্যানসিনো বায়োলজিকস। স্বাস্থ্য বিষয়ক সাময়িকী ল্যানসেটে তারা জানিয়েছে, প্রথমধাপের থেকে দ্বিতীয় ধাপের পরীক্ষায় মানবদেহে এটি আরোও নিরাপদ ও রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরিতে সক্ষম। করোনার টিকা নিয়ে আশার কথা জানিয়েছে জার্মান কোম্পানি বায়োএনটেক এবং যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারী জায়ান্ট প্রতিষ্ঠান ফাইজার। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের উদ্ভাবিত ভ্যাকসিন নিরাপদ। এছাড়া করোনার বিরুদ্ধে লড়তে উচ্চমাত্রার টি-সেল প্রতিক্রিয়াও দেখিয়েছে ফাইজারের ভ্যাকসিন।

এর আগে, মেডিক্যাল জার্নাল ল্যান্সেটে ক্লিনিক্যাল ট্রায়ালের প্রথম ধাপের ফল প্রকাশ করে সাফল্যের কথা জানিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। এই গবেষণা প্রকাশিত হওয়ার পর অনেকেই আশা করছেন, চলতি বছরের শেষের দিকে ভ্যাকসিনটি চলে আসতে পারে।

প্রতিবেদক
হাসমীর হোসেন
উপ-সম্পাদক
দৈনিক প্রভাত বাংলা
২২ জুলাই,২০২০; বুধবার

Comments