টাঙ্গাইলে বন্যার পানিতে ডুবে শিশুসহ ৩ জনের মৃত্যু। দৈনিক প্রভাত বাংলা

যমুনা নদীর বন্যার পানিতে ডুবে টাঙ্গাইলে একই দিনে পৃথক তিনটি স্থানে শিশুসহ ৩ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) দুপুরে ও বিকালে টাঙ্গাইল সদর, কালিহাতী এবং ভূঞাপুর উপজেলায় এই ঘটনা ঘটে।শিশুসহ ৩ জন হলেন, টাঙ্গাইল সদর: উপজেলার মগড়া ইউনিয়নের চরদিখিদির উত্তর পাড়ায় গ্রামের আবুল হোসেনের ছেলে শান্ত (৬)। জানা গেছে, শান্তর মা বাড়ির পাশের সড়কে পাটের আঁশ ছাড়াচ্ছিলেন।

এ সময় শান্ত সড়কের পাশে পানিতে কলাগাছের ভেলায় খেলা করছিল। হঠাৎ তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে পানি থেকে তার মরদেহ ভেসে উঠলে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করা হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান আজহারুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

কালিহাতী: উপজেলার নাগবাড়ী ইউনিয়নের কুমুরিয়াবাড়ী গ্রামের নূরুল ইসলাম নূরুর ছেলে ইয়ামিন (১২)।

এ বিষয়ে নাগবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকছুদুর রহমান সিদ্দিকী মিল্টন জানান, কুমুরিয়াবাড়ী গ্রামে শিশু ইয়ামিন বাড়ির পাশে খেলতে গিয়ে বন্যার পানিতে ডুবে যায়। এতে ঘটনাস্থলেই ওই শিশুর মৃত্যু হয়।

ভূঞাপুর: উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কয়েড়া পূর্বপাড়া গ্রামের মৃত রহমুদ্দীন শেখের ছেলে মো. শাহজাহান শেখ (৫২)।

জানা গেছে, কয়েক সপ্তাহ ধরে তার বাড়ির পাশের পুকুরসহ আশপাশে বন্যার পানি আসে। এতে শাহজাহান বাড়ির পাশের পুকুরের পাশেই কারেন্ট জাল নিয়ে মাছ শিকারে যাওয়ার সময় একপর্যায়ে পা পিছলে তিনি পুকুরে পড়ে ডুবে যান।

এরপর তার মরদেহ বন্যার পানিতে ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, শাহজাহান দ্বিতীয় বিয়ে করে দীর্ঘ কয়েক বছর যাবৎ কয়েড়ার ফকির কেল্লায় নামক এলাকায় তার স্ত্রীর বাড়িতে থাকতেন। তিনি ১ বছর ধরে নানা অসুস্থতায় ভুগছিলেন।

প্রতিবেদক
হাসমীর হোসেন 
উপ-সম্পাদক
দৈনিক প্রভাত বাংলা
২৫ জুলাই,২০২০; শনিবার

Comments