১৫ জেলায় পানিবন্দি হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। দৈনিক প্রভাত বাংলা
টানা বর্ষণ ও উজানে ঢলে পানি বাড়তে থাকায় জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা জেলার আশপাশের নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে বন্যা সতর্কীকরণ ও পূর্বাভাস কেন্দ্র। দেশের প্রধান নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় উত্তরের পর মধ্যাঞ্চলেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এরইমধ্যে ১৫ জেলায় ঢুকে পড়েছে বানের পানি।
পানি উন্নয়ন বোর্ডের হিসাবে, ১৫ জেলায় পানিবন্দি হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। মধ্যাঞ্চলে পদ্মা- যমুনার পানি বেড়ে নতুন নতুন এলাকা প্লাবিত। জামালপুরে প্রায় ৪ লাখ মানুষ হয়ে পড়েছেন পানিবন্দি। রেল লাইনে পানি উঠে যাওয়ায় বন্ধ ইসলামপুর-দেওয়ানগঞ্জ রুটে ট্রেন চলাচল। বিশুদ্ধ পানি ও খাদ্য সঙ্কট দেখা দিয়েছে দুর্গত এলাকায়। কোরবানীর আগে গবাদি পশু নিয়ে বিপাকে অনেকেই। তিস্তা, ধরলা ও ব্রহ্মপুত্রের পানি এখনও বিপদসীমার আশপাশে বইছে। দেশের নদ-নদীগুলোতে পানি উন্নয়ন বোর্ডের ১০১টি পর্যবেক্ষণ স্টেশনের মধ্যে ৫৬টি পয়েন্টেই বুধবার পানি বেড়েছে। এর মধ্যে বিপৎসীমার উপরে বয়ে যাচ্ছে ২১টি পয়েন্টে। এছাড়া ৪১ স্টেশনে পানি কমেছে; ৪টি পয়েন্টে অপরিবর্তিত রয়েছে। কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভূঁইয়া বলেন, বৃহস্পতিবারের মধ্যে সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। তবে এ সময় কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, জামালপুর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, মানিকগঞ্জ, নাটোর, নওগাঁ, মুন্সীগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ি ও ঢাকা জেলার নিম্নাঞ্চলে অবনতি হতে পারে।
প্রতিবেদক
হাসমীর হোসেন
উপ-সম্পাদক
দৈনিক প্রভাত বাংলা



Comments
Post a Comment