নকল মাস্ক সরবরাহ করায় অপরাজিতা’র শারমিনের বিরুদ্ধে মামলা। দৈনিক প্রভাত বাংলা

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নকল ‘এন৯৫’ মাস্ক সরবরাহকারী প্রতিষ্ঠান ‘অপরাজিতা ইন্টারন্যাশনালের’ স্বত্বাধিকারী শারমিন জাহানের বিরুদ্ধে মামলা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। বিএসএমএমইউ’র প্রক্টর গতকাল বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় বাদী হয়ে শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন।

শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসান গণমাধ্যমকে বলেন, এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। বিএসএমএমইউ হাসপাতালের করোনা ইউনিটে নকল ‘এন৯৫’ মাস্ক সরবরাহের তথ্য গত মঙ্গলবার একটি অনলাইন গণমাধ্যমের কাছে স্বীকার করে বিএসএমএমইউ কর্তৃপক্ষ। তারা জানায়, ‘অপরাজিতা ইন্টারন্যাশনাল’ নামে দেশি একটি প্রতিষ্ঠান চীনের ‘থ্রিএম কোম্পানি’র লোগো বসিয়ে এসব মাস্ক সরবরাহ করে। এ ঘটনায় অপরাজিতার স্বত্বাধিকারী শারমিন জাহানকে শোকজ ও তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। পরে মামলা দায়ের করা হয়। শারমিন জাহান আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। সর্বশেষ আওয়ামী লীগের মহিলা ও শিশুবিষয়ক কেন্দ্রীয় উপকমিটিতে ছিলেন। তার আগের মেয়াদে দলের কেন্দ্রীয় উপকমিটিতে সহসম্পাদক পদে ছিলেন।

প্রতিবেদক
হাসমীর হোসেন 
উপ-সম্পাদক
দৈনিক প্রভাত বাংলা
২৪ জুলাই,২০২০; শুক্রবার

Comments