আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষা ২৬ সেপ্টেম্বর। দৈনিক প্রভাত বাংলা

সোমবার (২৭ জুলাই) বার কাউন্সিলের সচিব রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডভোকেটশিপ তালিকাভুক্তির এমসিকিউতে পাস করা প্রার্থীদের লিখিত পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত ২২ জুলাই এক চিঠিতে জানিয়েছে, আগামী ২৬ সেপ্টেম্বর (শনিবার) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ও কলেজ খোলা সাপেক্ষে কলা অনুষদে পরীক্ষা নিতে একমত রয়েছে।

সে হিসেবে পরীক্ষা-হল প্রাপ্তি সাপেক্ষে আগামী ২৬ সেপ্টেম্বর এনরোলমেন্ট লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীরা গত ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বার কাউন্সিল এনরোলমেন্ট নৈর্ব্যক্তিক (এমসিকিউ) পরীক্ষার জন্য ইস্যুকরা প্রবেশপত্র দিয়ে লিখিত পরীক্ষায় অংশ নিতে পারবেন।

রোল নম্বর অনুযায়ী পরীক্ষা-কেন্দ্রের নামসহ বিস্তারিত শিডিউল এবং অন্যান্য নির্দেশনা পরবর্তী সময়ে ঘোষণা করা হবে। যা বার কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এতে আরও বলা হয়েছে, এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষায় একবার উত্তীর্ণ হলে পরপর দুইবার লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিয়ে জারিকরা গেজেটে (২০১৮ সালের ১৯ ডিসেম্বর) প্রকাশিত রুলস সংশোধন করে ‘ইহা অবিলম্বে কার্যকর হইবে’ মর্মে উল্লেখ রয়েছে।

এ সংশোধনীটি করা হয় ২০১৮ সালের ১৯ ডিসেম্বর। ফলে ওই তারিখের আগে যারা একবার লিখিত পরীক্ষা দিয়ে ফেল করেছেন তারা দ্বিতীয়বার লিখিত পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন না।

তবে যদি সরকার ওই সংশোধনীটির প্রয়োগ ভুতাপেক্ষাভাবে প্রয়োগ করার উল্লেখ করে কোনো সংশোধনী দেয় কেবলমাত্র সেইক্ষেত্রে ২০১৮ সালের ১৯ ডিসেম্বরের আগে যারা একবার লিখিত পরীক্ষা দিয়েছেন তারাও দ্বিতীয়বার লিখিত পরীক্ষা দিতে পারবেন।

প্রতিবেদক                                                                    মোঃ রবিউল ইসলাম                                         কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি                                    দৈনিক প্রভাত বাংলা                                                      ২৮ জুলাই ২০২০

Comments