৩৩০ জন বন্দীকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দৈনিক প্রভাত বাংলা

জেলা কারাগারের সুপারিশের ভিত্তিতে এ তালিকা তৈরি করা হয়েছে বলে মন্ত্রণালয়ের সূত্র নিশ্চিত করেছে।

কারা অধিদপ্তর এসব বন্দীর মুক্তির বিষয়ে সুপারিশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে, কয়েদিরা দীর্ঘদিন ৫৬৯ ধারায় মুক্তি না পাওয়ায় তাঁদের মধ্যে ক্ষোভের সঞ্চার হচ্ছে। এ ক্ষোভ থেকে যেকোনো সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। অতীতেও অনুরূপ অনাকাঙ্ক্ষিত ঘটনা সংঘটনের ইতিহাস রয়েছে। সুষ্ঠু প্রশাসনের স্বার্থে এই বন্দীদের দ্রুত মুক্তির জন্য মন্ত্রণালয়কে অনুরোধ করেছে কারা অধিদপ্তর।

এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, কারাবিধির ৫৬৯ ধারা অনুযায়ী এই বন্দীদের মুক্তি দেওয়া হবে।

এঁরা সবাই ২০ বছরের ওপরে সাজা খেটেছেন। বিতর্কিত কারও জন্য এ ধারা প্রযোজ্য হবে না। ধর্ষণ বা নৃশংসভাবে হত্যা করেছেন এমন কাউকে মুক্তি দেওয়া হবে না।

মন্ত্রী বলেন, আইন মন্ত্রণালয়ের মতামত পেলে তাঁরা মন্ত্রিসভা বৈঠকের পরে প্রধানমন্ত্রীর কাছে এ বিষয়ে প্রস্তাব উপস্থাপন করবেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যাবজ্জীবন তো হয় খুনের মামলার আসামিদেরই। তাই বলা যায়, যাঁদের মুক্তি দেওয়া হবে, সবাই খুনের মামলার আসামি।

প্রতিবেদক                                                                    মোঃ রবিউল ইসলাম                                         কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি                                    দৈনিক প্রভাত বাংলা                                                      ২৭ জুলাই ২০২০

Comments