সংক্রমণের দ্রুততায় বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ!


সংক্রমণের দ্রুততায় বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ!

মোঃ হাফিজুর রহমান, লালমনিরহাট জেলা প্রতিনিধি

দেশে করোনাভাইরাসের পরিস্থিতি ক্রমশ ভয়াবহতার দিকে যাচ্ছে। প্রতিদিনই সংক্রমণ ও মৃতের সংখ্যা বাড়ছে। ইতোমধ্যে ভাইরাসটিতে সংক্রমণের দ্রুততার দিক দিয়ে প্রথম ৪০ দিনের হিসাবে বিশ্বের মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ।
গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়। আজ ১৯ এপ্রিল শনাক্ত হয়েছে ৩১২ জন। সবমিলিয়ে গত ৪১ দিনে মোট করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত করা হয়েছে ২ হাজার ৪৫৬ জন। আর ৪০ দিনের হিসেবে সেই সংখ্যাটা ২ হাজার ১৪৪ জন।
অর্থাৎ বাংলাদেশে ৪০ দিনের ব্যবধানে কোভিড-১৯ রোগী শনাক্তের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে রোগীর সংখ্যা ১ হাজার হতে সময় নিয়েছে ৩৬ দিন। অথচ মাত্র চারদিনের মধ্যে পরবর্তী এক হাজার ছাড়িয়ে গেছে।
এদিক থেকে প্রথম ৪০ দিনের হিসাব করলে দেখা যায়, বিশ্বের যে দেশগুলোতে মহামারি করোনাভাইরাসের কারণে ভয়াবহ বিপর্যয়ের সৃষ্টি হয়েছে সেগুলোর তুলনায় বাংলাদেশে দ্রুত সংক্রমণের সংখ্যা বাড়ছে। এ তালিকায় বাংলাদেশের ওপরে আছে শুধু ইতালি।
সেখানে ২ হাজার করোনা রোগী শনাক্ত হতে সময় লেগেছিল ৩২ দিন। একই পরিমাণ রোগী শনাক্ত হতে স্পেনে লেগেছিল ৪১ দিন। এরপরই রয়েছে যুক্তরাজ্য ও ফ্রান্স। দেশ দুটিতে ২ হাজার করোনা রোগী শনাক্ত হতে সময় লেগেছিল ৪৮ দিন। আর ৫৩ দিন লেগেছিল যুক্তরাষ্ট্রে।
এই পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে, সংক্রমণের দ্রুততার দিক দিয়ে ইতালির পরেই রয়েছে বাংলাদেশ। এ ছাড়া পরবর্তী যে দেশগুলোর সঙ্গে তুলনা করা হয়েছে, সেখানে ইতোমধ্যে সংক্রমণের সংখ্যা কয়েক লাখ ছাড়িয়ে গেছে। পরিস্থিতি মোকাবেলায় হিমশিম খাচ্ছে দেশগুলো।
গত ১৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মৃত্যুর ঘটনা ঘটে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯১ জন। পাশাপাশি চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৭৫ জন।
Last Updated: 19 April 2020


Comments