চাঁদপুরে মহিলা ভাইস চেয়ারম্যানের বাসা থেকে ত্রাণের চাল উদ্ধার

চাঁদপুরে মহিলা ভাইস চেয়ারম্যানের বাসা থেকে ত্রাণের চাল উদ্ধার
চাঁদপুর সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানার শহরের বাসা থেকে ২ টন (৩০ কেজি ওজনের ৬৭ বস্তা) ত্রাণের চাল উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার দুপুর ২টার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ ফাতেমার তত্ত্বাবধানে পিকআপ ভ্যান দিয়ে চালগুলো উদ্ধার করে সদর উপজেলার গোডাউনে নিয়ে রাখা হয়।

এর আগে, গতকাল মঙ্গলবার দুপুরে চালগুলো চাঁদপুর সিএসডি গোডাউন থেকে মহিলা ভাইস চেয়ারম্যান শহরের ট্রাকরোড এলাকার পালপাড়াস্থ তার নিজ বাসায় নিয়ে রাখেন।

সরকারি ত্রাণের চাল মহিলা ভাইস চেয়ারম্যান নিজ বাসায় এনে রাখার বিষয়টি বিভিন্ন সূত্রে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সরকারি গোয়েন্দা সংস্থা জানতে পারে। এরপর ওই চালগুলো তার বাসা থেকে নিয়ে আসার জন্য নির্দেশ দেয়া হয়। খবর পেয়ে স্থানীয় গণমাধ্যম কর্মীরা গিয়ে চাল ট্রাকে উঠিয়ে উপজেলায় নেয়ার প্রস্তুতি দেখতে পান।


খবরে পেয়ে চাঁদপুর মডেল থানার পুলিশ পরিদর্শক সানজিদ ঘটনাস্থলে আসেন এবং ওই বাসায় ত্রাণের চাল মজুদের বিষয়ে খোঁজ খবর নেন।

চাঁদপুর সদর উপজেলার এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জানান, সরকারি ত্রাণ কিংবা কোনও বরাদ্দের চালই নিজ বাড়িতে নিয়ে রাখার নিয়ম নেই। আমাদের যত বরাদ্দ আসে আমরা এগুলো গোডাউন থেকে সরাসরি পরিষদের গোডাউনে নিয়ে রাখি। অনেক সময় সরাসরি বিতরণকৃত এলাকায় নিয়ে তালিকাভুক্ত লোকদের হাতে তুলে দেই।

মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা ঘটনাস্থলে যাওয়া সাংবাদিকদের বলেন, জিআর বরাদ্দের চাল ইউনিয়নের গরীবদের মাঝে বিতরণের কথা। ইউনিয়ন পরিষদ এলাকায় যেহেতু চেয়ারম্যানরা বিতরণ করেন, আমি চিন্তা করেছি ইউনিয়নে না দিয়ে আমার বাসার আশপাশে শহরের লোকদের মাঝে দেবো। সেই সুবিধার্থে বাসায় এনে রেখেছি।

চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান নাগরিক বার্তাকে মুঠোফোনে বলেন, সংবাদ পেয়ে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছি। উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বলেছি তার তত্ত্বাবধানে চালগুলো ওই বাসা থেকে উদ্ধার করে উপজেলার গোডাউনে রাখার জন্য। বাসায় ত্রাণ রেখে বিতরণ করার কোনো নিয়ম নেই। যদি গরীবদের দিতে হয় উপজেলা থেকেই দিতে হবে।

নাবা/তানভীর/তারেক

রিলেটেড নিউজঃ

Comments